বুধবার , ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ম. হামিদ

ভূমিকা
একটি প্রেমের আবহ নিয়ে “রক্তে ভেজা শার্ট” উপন্যাসের শুরু হলেও আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং এর পটভূমির ২৩ বছরের ইতিহাসের প্রধান প্রধান ঘটনার সুন্দর রেখাপাত রয়েছে এতে। এ উপন্যাস কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের সৃষ্টি, পূর্ববাংলার প্রতি বঞ্চনা, রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন, ১৯৫৪ এর নির্বাচন ও তার ফলাফল, ১৯৫৮ সালের সামরিক শাসন, ১৯৬৬ এর ৬ দফার আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর ১১ দফার আন্দোলন, ১৯৭০ এর নির্বাচন এবং এর অনিবার্য পরিণতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে।
এসব তথ্য ইতিহাসের অংশ এটা ঠিক, তবে এ উপন্যাসে এসেছে গল্পের গতির সাথে চরিত্রগুলির স্বাভাবিক বয়ানে। পাঠক এক্ষেত্রে ঐতিহাসিক বহু ঘটনার বস্তুনিষ্ঠ দালিলিক তথ্য পাবেন ।
ঘটনার অনুষঙ্গে এতে পাওয়া যাবে রাজশাহীর রেশন শিল্পের কথা, খাগড়াছড়ি ও সাজেকের অপরূপ সৌন্দর্যের বর্ণনা।
উপন্যাসের নামকরণের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের নানান ঘটনার শেষে এক মুক্তিযোদ্ধার বীরত্ব ও শহীদ হবার ঘটনা। এই কাহিনীর মধ্য দিয়ে উপন্যাসের রহস্যময় সূচনা এবং পরিসমাপ্তি। দুটি প্রেমের কাহিনীর মধ্যে এটি মূলত মুক্তিযুদ্ধের উপর রচিত একটি উপন্যাস যা একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে উঠেছে।
মুক্তিযোদ্ধা জিয়াউল হক রচিত “রক্তে ভেজা শার্ট” উপন্যাসটি পাঠক কর্তৃক সমাদৃত হবে আমার বিশ্বাস ।

ম. হামিদ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
ঢাকা, ২৭ নভেম্বর ২০২০